জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সিডনির লাকেম্বায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‘৩৬ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন কমিটি’র আহ্বায়ক তারেক উল তারেকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ভূঁইয়া।
সভায় বিএনপি অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ ছাড়া জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির পিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। তারা দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
বক্তারা ২০২৪ সালের আন্দোলনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণআন্দোলন দুটি ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা।
আলোচনায় বক্তারা তৎকালীন সরকারের সময়ে রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ধরেন।
সভায় জুলাই-আগস্ট আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, বিভিন্ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ এবং দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।