বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মোট ৪০০ কেজি মাছের পোনা সিংহ পুকুরে ছাড়া হয়। এর মধ্যে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউসের পোনা রয়েছে।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেসসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।