বিশ্বকাপ জয়ের পর ছুটির সময়টা দারুণভাবে উপভোগ করছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ছুটি কাটাতে কলম্বিয়ার মেডেলিনে গিয়ে দেশটির সংস্কৃতি, সংগীত ও মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড কলম্বিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও সময় কাটাচ্ছেন। এরই মধ্যে কলম্বিয়ার জাতীয় দলের জার্সি পরে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মেডেলিনের জনপ্রিয় কমুনা ১৩ এলাকায় দেখা যায় ইয়ামালকে। সেখানে কনটেন্ট ক্রিয়েটর ওয়েস্টকলের সঙ্গে ঘোরাঘুরি করেন তিনি। এ সময় তার পরনে ছিল কলম্বিয়ার জাতীয় দলের হলুদ, নীল ও লাল রঙের জার্সি।
পরে ওয়েস্টকলের সঙ্গে একটি উন্মুক্ত কনসার্টে যোগ দেন ইয়ামাল। জনপ্রিয় গায়ক রায়ান কাস্ত্রোর আয়োজিত ওই অনুষ্ঠানে হঠাৎ করেই মঞ্চে উঠে পড়েন বার্সেলোনার তারকা। সেখানে রায়ান কাস্ত্রোর সঙ্গে গানে কণ্ঠ মেলানোর পাশাপাশি নাচতেও দেখা যায় তাকে। ইয়ামালের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কনসার্টে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
সংগীত ও বিনোদনের পাশাপাশি কলম্বিয়ার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হয়েছেন ইয়ামাল। অ্যান্টিওকিয়া অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখার সময় তিনি লা আলপুরাহা প্রশাসনিক কেন্দ্রেও যান। এটি অ্যান্টিওকিয়া বিভাগের সরকারের প্রধান কার্যালয়।
সেখানে অ্যান্টিওকিয়ার মেয়র ফেদেরিকো গুতিয়েরেজের সঙ্গে ছবিও তোলেন ইয়ামাল। পরে মেডেলিনের ঐতিহ্যবাহী ফেরিয়া দে লাস ফ্লোরেস উৎসবেও অংশ নেন তিনি। ফুলকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবটি শহরটির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত।
বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের ছুটি তাই কেবল বিশ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কলম্বিয়ার সংস্কৃতি, সংগীত ও স্থানীয় মানুষের সঙ্গে মিশে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন এই তরুণ তারকা।
তবে এবার ছুটি শেষে নতুন মৌসুমের প্রস্তুতিতে ফিরতে হচ্ছে ইয়ামালকে। আগামী ১২ আগস্ট স্পেনে ফিরে বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।