জাতীয় দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ খেললেও এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা ভিন্ন। এবার প্রথমবারের মতো এই বহু-ক্রীড়া আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তার চোখে এটি শুধু আরেকটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, দেশের জন্য স্বর্ণপদক জয়ের সুযোগ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এশিয়ান গেমসে অংশ নিতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানান লিটন। বাংলাদেশ পুরুষ দল এবারের আসরে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
লিটন বলেন, “অবশ্যই বাংলাদেশ দল এর আগেও অনেকবার খেলেছে। তবে আমার ক্ষেত্রে এবারই প্রথম খেলার সুযোগ হচ্ছে। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। জাতীয় দলের হয়ে তো খেলছি, একই সঙ্গে এমন একটি আসরে খেলার সুযোগ পাওয়াটাও বড় বিষয়। সবসময় জিতলে একটা ট্রফি পাওয়া যায়, কিন্তু এখানে স্বর্ণপদকের বিষয় আছে। এটিই একটা বড় স্বপ্ন।”
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। লিটনের মতে, শিরোপার লড়াইয়ে পৌঁছাতে পারলেই স্বর্ণপদক জয়ের সুযোগ তৈরি হবে। তাই এখনই অনেক দূরের হিসাব না করে ম্যাচ ধরে এগোতে চান তিনি।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকায় ভবিষ্যতের সেই আসর নিয়েও আগ্রহ রয়েছে ক্রিকেটারদের। তবে লিটন আপাতত এশিয়ান গেমসেই পুরো মনোযোগ রাখতে চান।
তিনি বলেন, “অলিম্পিকে কে খেলতে চায় না? তবে সবার আগে আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, সেখানে যদি ভালো খেলতে পারি, আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা ওই জায়গায়ও পৌঁছাতে পারব। তাই আমাদের ফোকাস হচ্ছে এই ইভেন্টে কিভাবে ভালো করা যায় এবং কিভাবে ফাইনাল পর্যন্ত যাওয়া যায়।”
এশিয়ান গেমসের পরিবেশও লিটনের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন খেলার অ্যাথলেটদের কাছ থেকে দেখার ও তাদের সঙ্গে মেশার সুযোগ থাকবে। বিকেএসপিতে পড়াশোনার সুবাদে আগে থেকেই বিভিন্ন খেলার সঙ্গে পরিচিত লিটন এই সুযোগটিও কাজে লাগাতে চান।
দেশের অন্যান্য খেলাধুলার উন্নয়নেও ক্রিকেটারদের সাফল্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “অবশ্যই দেশের জন্য কিছু করতে পারা অনেক বড় ব্যাপার। আর সেটা যদি খেলাধুলার মাধ্যমে হয়, তাহলে কেন নয়?”
এবারের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। ১৫ সদস্যের দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনসহ জাতীয় দলের পরিচিত মুখরা। আগের আসরে বাংলাদেশ পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল।
তবে বাংলাদেশের জন্য এশিয়ান গেমসে স্বর্ণপদক নতুন নয়। ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার আবারও পদকের লড়াইয়ে বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছেন লিটনরা।