মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে তারা মিয়াসহ কয়েকজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, নিহত তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় বিড়ি আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।