প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিক দল ৩৫৫ রানে অলআউট হয়ে ৯২ রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ২ উইকেটে ৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। শুরুতেই জশ ফিলিপেকে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ২৪ রান করে ফেরেন ফিলিপে।
এরপর জ্যাক ক্লেটনকে সাজঘরে ফেরান ইবাদত হোসেন। ৫৮ বলে ৪৮ রান করে ক্যাচ দিয়ে আউট হন ক্লেটন। পঞ্চম উইকেটেও হাসানের শিকার হন কুর্টিস প্যাটারসন। অর্ধশতক তুলে নেওয়া এই ব্যাটার ৯১ বলে ৫৩ রান করে বোল্ড হন।
লাঞ্চের পর আরও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত রান তুলতে থাকেন। উইলি তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ১৭৭ বলে ১৩০ রানের ইনিংস খেলে খালেদ আহমেদের বলে আউট হন তিনি।
অন্যদিকে ডোরান করেন ১০২ বলে ৭৬ রান। তাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর জারসিস ওয়াদিয়াকে কোনো রান করার সুযোগ না দিয়েই আউট করেন মিরাজ। শেষ সেশনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ আরও একটি করে উইকেট নিলে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। ৪২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পান দুটি করে উইকেট। এ ছাড়া খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।
৯২ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৬ বলে ৬ রান করে আউট হন সাদমান ইসলাম। এরপর মুমিনুল হকও ১১ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।
দিন শেষে ২ উইকেটে ১৯ রান করেছে বাংলাদেশ। ফলে ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে এখনো ৭৩ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।