চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব ঘর হস্তান্তর করবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত অনুষ্ঠানেই উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। সরকারি উদ্যোগে তাদের নিজস্ব জায়গায় নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।
নির্মাণাধীন ঘরগুলো দুর্যোগ সহনীয় নকশায় তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ থাকবে। এছাড়া পাঁচ ফুট বাই পাঁচ ফুট আকারের একটি সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, যেসব পরিবার বন্যায় ঘরবাড়ি হারিয়েছে এবং নিজেরা নতুন বাড়ি নির্মাণের সক্ষমতা রাখে না, তাদের অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে জোর প্রস্তুতি চলছে। অনুষ্ঠানস্থল, মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আয়োজন পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। একইসঙ্গে নির্মাণাধীন ঘরগুলোর কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকৌশলী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন আশ্রয় পাবে।