দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে মৎস্য ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ প্রতিরোধে বাহিনীটিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও অব্যাহত রয়েছে।
দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্টগার্ডকে আরও সতর্ক থাকার নির্দেশনাও দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহের পাশাপাশি কোস্টগার্ডের এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রপতিকে জানান।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান কোস্টগার্ড মহাপরিচালক। রাষ্ট্রপতি বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।