সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মিয়া মারা গেছেন। শনিবার (২১ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) বাদ আছর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের পারিবারিক সদস্য ও লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিপন পাটোয়ারী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, মোশারফ হোসেন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং হাতিয়া-রামগতি অঞ্চলে জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মোশারফ হোসেন মিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।