বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক অংশীদারত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সার্জিও গর বলেন, “আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে।”
তিনি আরও বলেন, “এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।”
তিন দিনের সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন বিশেষ দূত।
তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
সূত্র: বাসস