সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে রাশিয়া। তাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।
বুধবার (২৯ জুলাই) এফএসবির এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ফৌজদারি আইনের ২০৫.১ ধারায় দুরভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এফএসবির দাবি, টেলিগ্রাম কর্তৃপক্ষ রাশিয়ার আইন লঙ্ঘন করে এমন বহু চ্যানেল, চ্যাট ও বট অপসারণ করেনি, যেগুলো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এবং কথিত সন্ত্রাসী ও উগ্রপন্থি গোষ্ঠীগুলো ব্যবহার করছে।
রুশ নিরাপত্তা সংস্থাটির অভিযোগ, এসব টেলিগ্রাম চ্যানেল ও বট ব্যবহার করে রাশিয়ায় নাশকতা, সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড এবং সাইবার জালিয়াতির পরিকল্পনা ও সমন্বয় করা হয়েছে। এতে প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে এফএসবি।
এফএসবি আরও দাবি করেছে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা টেলিগ্রামের একটি জনপ্রিয় ডেটিং চ্যাটবট ব্যবহার করে রুশ নাগরিকদের নাশকতামূলক কার্যক্রমে নিয়োগ দিয়েছে। গত বছরের জুলাই থেকে এ ধরনের অভিযোগে ১২ থেকে ২২ বছর বয়সী ৪৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে দুরভ অভিযোগ করেছিলেন, টেলিগ্রামে রুশ নাগরিকদের প্রবেশাধিকার সীমিত করার অজুহাত তৈরির জন্য তার বিরুদ্ধে মামলা করেছে মস্কো। তিনি একে ব্যক্তিগত গোপনীয়তা ও বাক্স্বাধীনতা দমনের চেষ্টা হিসেবে বর্ণনা করেন।
নতুন অভিযোগের বিষয়ে টেলিগ্রাম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রুশ বংশোদ্ভূত দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করেন এবং ফ্রান্স ও আমিরাতের নাগরিকত্ব রয়েছে তার।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস