মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। তবে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি এক দিন আগেই বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।
দেশের মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে তাদের বিভিন্ন শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হবে। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটেও ছবিটিকে আসন্ন মুক্তির তালিকায় রাখা হয়েছে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটিতে আবারও পিটার পার্কার ও স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। জেন্ডায়া অভিনয় করছেন এমজে চরিত্রে এবং জ্যাকব ব্যাটালন ফিরছেন নেড লিডস হিসেবে।
এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন মার্ক রাফেলো, জন বার্নথাল, সেডি সিঙ্ক, ট্রামেল টিলম্যান ও মাইকেল মান্ডো। জন বার্নথাল আবারও ফ্র্যাঙ্ক ক্যাসেল বা দ্য পানিশার চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন। সেডি সিঙ্কের চরিত্রটি এখনো গোপন রাখা হয়েছে।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর কয়েক বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। আগের ছবির শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পিটার পার্কারের পরিচয় সবার স্মৃতি থেকে মুছে যায়। নতুন গল্পে এমন এক নিউইয়র্কে অপরাধ দমনে নামবে স্পাইডার-ম্যান, যেখানে তার পুরোনো বন্ধুদের কেউই তাকে আর চেনে না।
নিঃসঙ্গতা, দায়িত্ব এবং পুরোনো বন্ধুদের নতুন জীবনে এগিয়ে যেতে দেখার মানসিক চাপ পিটার পার্কারের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। মার্ভেলের আনুষ্ঠানিক কাহিনি সংক্ষেপেও এই ব্যক্তিগত সংকটকে ছবিটির অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রথম সিনেমা হিসেবে ‘শট ফর স্ক্রিনএক্স’ উদ্যোগের আওতায় তৈরি হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি প্রেক্ষাগৃহের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকেরা ২৭০ ডিগ্রির বিস্তৃত অভিজ্ঞতা পান।
মার্ভেলের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির তারিখ ৩১ জুলাই ২০২৬।