গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার, ২৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ থাকা পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে প্রাণহানি হয়েছে ৮২৫ শিশুর।
এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৫৪। চিকিৎসা শেষে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।