জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের জবাবে দলটির গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সিলেটের একটি জনসভায় জামায়াতের আমির মন্তব্য করেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি।’ এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতের আমির তার দলের গঠনতন্ত্র ভালো করে পড়ুন। তারা গণতান্ত্রিক দল কি না, সেটিও তাদের বিবেচনা করা উচিত।”
তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটে দলটি সরকার গঠন করেছে এবং পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।
বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যা দেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সেটি সম্ভব না হলে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন হতে পারে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকায় সেখানে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিকে লাভজনক করতে পণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার কাজ করছে।