কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত করার পর বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম।
রোববার প্রকাশিত প্রতিবেদনে তাসনিম দাবি করে, ট্যাংকারটি ইরানের নির্ধারণ করে দেওয়া নৌপথ থেকে সরে যাওয়ার পর একটি মাইনে আঘাত করে। এর পরই জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
ইরানি সংবাদমাধ্যমটির ভাষ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য তেহরান একটি নির্দিষ্ট পথ ঘোষণা করেছিল। ওই পথ থেকে সরে গেলে সম্ভাব্য পরিণতির দায় সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে বলে এর আগে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
তবে বিস্ফোরিত ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী, এতে কী ধরনের তেল ছিল কিংবা জাহাজে কতজন নাবিক ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। হতাহত, অগ্নিকাণ্ড অথবা তেল ছড়িয়ে পড়ার বিষয়েও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রয়টার্সও ঘটনাটির খবর প্রকাশ করেছে। তবে তাদের প্রতিবেদনে তথ্যের মূল উৎস হিসেবে তাসনিমকেই উল্লেখ করা হয়েছে। ফলে ঘটনাটি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে হরমুজ প্রণালিতে অনিরাপদ বা নিষিদ্ধ পথে চলাচলের সময় কয়েকটি ট্যাংকার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত কয়েক দিনে একটি ট্যাংকারে বিস্ফোরণের পর আরও দুটি জাহাজ ফিরে যায় বলেও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল।
হরমুজে সাম্প্রতিক হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে, সাম্প্রতিক সময়ে অল্পসংখ্যক পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন এই ঘটনার দাবি আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। সংশ্লিষ্ট জাহাজ কোম্পানি, আন্তর্জাতিক নৌনিরাপত্তা সংস্থা কিংবা অন্য কোনো দেশের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত তথ্য পরিষ্কার হতে পারে।
সূত্র: রয়টার্স