ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংকট নিরসনে কূটনীতি ও সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’কে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইয়েমেন, বাব আল-মান্দেব প্রণালি কিংবা অঞ্চলটির অন্য কোনো সমস্যার সামরিক সমাধান সম্ভব নয়।
তিনি বলেন, ইয়েমেন সংকটকে শুধু ইরানের সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে দেখা উচিত নয়। এটি ইয়েমেন, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিনের আঞ্চলিক সংকট।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও হুথিদের পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা শুরুর আহ্বান জানান। প্রয়োজন হলে সেই সংলাপ শুরু করতে তেহরান সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান তিনি।
সম্প্রতি হুথিরা সৌদি আরবের জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। এর পর লোহিত সাগরে সৌদি জাহাজ এবং জিজান ও ইয়ানবুর তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে গোষ্ঠীটি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথিনিয়ন্ত্রিত হোদেইদা ও কামারান দ্বীপে হামলা চালায়। পাল্টাপাল্টি এসব হামলায় লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: রয়া নিউজ