ঘুস নেওয়ার দায়ে চীনের শানসি প্রদেশের সাবেক গভর্নর জিন শিয়াংজুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে তাৎক্ষণিকভাবে এ সাজা কার্যকর করা হবে না। চীনের আইনি বিধান অনুযায়ী, মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হেনান প্রদেশের শিনইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। আদালত একই সঙ্গে জিনের আজীবনের জন্য রাজনৈতিক অধিকার বাতিল এবং তার ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার তথ্য অনুযায়ী, জিন শিয়াংজুন ১৪ কোটি ৮০ লাখ ইউয়ানের বেশি ঘুস নিয়েছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
আদালত জানিয়েছে, সরকারি দায়িত্বে থাকার সময় জিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা পাইয়ে দিয়েছেন। এর মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও প্রকল্পের চুক্তি পাওয়ার মতো বিষয় ছিল। বিনিময়ে তিনি অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন।
আদালতের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে প্রমাণিত ঘুসের পরিমাণ ছিল অত্যন্ত বড় এবং তার কর্মকাণ্ডে রাষ্ট্র ও জনগণের স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে গ্রেফতারের পর নিজের অপরাধ স্বীকার করা, তদন্তে সহযোগিতা করা এবং আগে অজানা কিছু দুর্নীতির তথ্য দেওয়ার বিষয় বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
চীনের আইনে মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ হলে সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা যেতে পারে।
জিন শিয়াংজুন শানসি প্রাদেশিক কমিউনিস্ট পার্টি কমিটির সাবেক উপপ্রধানও ছিলেন। গত বছরের অক্টোবরে গুরুতর শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং সরকারি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।
একই দিনে চীনের সাবেক জরুরি ব্যবস্থাপনামন্ত্রী ওয়াং শিয়াংশির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, গুরুতর শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়েছে।