দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার, ২৫ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০ এস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ভারতের শ্রীরামপুর এলাকা থেকে ৯ নারীকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা বাধা দেন। পরে ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার কয়েক ঘণ্টা পর, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বেড়ে যায়। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী জানান, বিএসএফ জোর করে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন।
ঘটনার পর ভাইগড় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।