প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দুই দেশের মধ্যে মোট ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।
তিনি জানান, এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, কৃষি ও বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী। সফরকালে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরে স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তি ও সমঝোতাগুলো বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।