বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।সংশ্লিষ্টরা জানান, সফরটির মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি ও প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের একাডেমিক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।[BANGVIEWS-POST:4454]এ ছাড়া দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।সফরের মাধ্যমে শিক্ষা খাতে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।