রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর বা গুঞ্জনের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আমি গুজবে বিশ্বাস করি না।’
তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রতি জবাবদিহিতার নীতিতে বিশ্বাসী এবং সেই ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নকে সামনে রেখেই দল কাজ করছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারও অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শেষদিকে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব।