ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুক্রবার তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে কায়কোবাদের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, কুমিল্লার মুরাদনগর থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবে এবার তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অস্ত্রোপচারের আগে বিএনপির এই নেতা দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে, কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।