ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে তাদের আলোচনায় কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় বিষয় উঠে এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ম্যানিলায় অবস্থান করছেন ড. খলিলুর রহমান।
এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আসিয়ান আঞ্চলিক ফোরাম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বৈঠকের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বিভিন্ন দ্বিপক্ষীয় ও সৌজন্য আলোচনায় অংশ নিচ্ছেন।