বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB)-এর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার। অন্যদিকে EIB-এর পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মিস থুরাইয়া ত্রিকি।
বৈঠকে বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে বিদ্যমান একটি ঋণ পুনর্বিন্যাস (Repurposing) করার বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়। পাশাপাশি নারী, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার জন্য EIB-এর আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েও আগ্রহ প্রকাশ করা হয়।
স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, EIB-এর সঙ্গে এই আলোচনা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ক্যান্সার প্রতিরোধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতাকে নতুন সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে UNFPA-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং নারী ও প্রজনন স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ–ইইউ স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।