ইরানকে ঘিরে চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে সৌদি আরবসংশ্লিষ্ট জাহাজ চলাচলে অবরোধ আরোপের হুমকির নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।
বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হুমকির দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে পাকিস্তান।
ইসলামাবাদের মতে, এ ধরনের হুমকি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে এটি নৌ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত, আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা নিয়ে দেশটি গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। গোষ্ঠীটি জানায়, সৌদি আরবসংশ্লিষ্ট অথবা দেশটির লোহিত সাগরীয় বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
হুথিদের এ ঘোষণা কার্যকর হলে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য পরিবাহিত হয়।
সূত্র: আলজাজিরা