দেশের প্রতিটি মাদরাসায় ছাত্র ও ছাত্রীদের নিয়ে চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের শিক্ষার্থীদের নিয়ে দলগুলো গঠন করে সংশ্লিষ্ট তথ্য মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ আয়োজনের উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে।
এ উপলক্ষে প্রতিটি মাদরাসাকে আগে থেকেই ফুটবল দল গঠন এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। একইভাবে আলিমের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল করতে হবে।
দল নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা ও খেলাধুলার দক্ষতাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও করতে হবে।
বোর্ড জানিয়েছে, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, দলগত মানসিকতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গঠিত দলগুলোর তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে registrar@bmeb.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
টুর্নামেন্ট সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তি এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করারও আহ্বান জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।