জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের মঞ্চে ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ তুলে ধরবেন। নিউইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। তবে সম্ভাব্য বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। তবে নির্দিষ্ট দিন-তারিখ এখনো ঠিক হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনাও নেই।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও সমস্যা থাকলেও আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন হলে বিভিন্ন আন্তর্জাতিক কাঠামো বা উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ খাতের সংকট সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অতীতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমান সংকট আরও জটিল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতে বাধ্য করা হচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদার কারণেই উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করা হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, অতীতে একটি সিন্ডিকেটের কারণে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছে এবং পর্যায়ক্রমে আরও বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো নির্দিষ্ট ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।