বাগেরহাট শহরে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ব্যানার, বাঁশ ও কাঠের ১৫টি লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া প্রায় ৪০ থেকে ৪২ জন ব্যক্তি স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমান সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বা তাদের আইনজীবীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নাম উল্লেখ করা তিনজনসহ আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে গেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।