কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) রাতে বিমানবন্দর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শেষে কলকাতায় ফেরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন। তার বিমান অবতরণের আগেই বিমানবন্দরের বাইরে দুই দলের কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন।
তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেরার খবর পাওয়ার পর ডিম ও আম নিয়ে বিমানবন্দরের বাইরে অবস্থান নেন বিজেপি কর্মী-সমর্থকরা। এ সময় অভিষেককে স্বাগত জানাতে উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়।
অন্যদিকে, বিজেপি সমর্থকদের উদ্দেশ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা। পাল্টা সেখানে ভিড় জমান তৃণমূলের কর্মী-সমর্থকরাও। এতে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে অন্য একটি গেট দিয়ে বের করে নেওয়া হয়।
ঘটনার পর বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘটনার ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হয়, তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা’। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার ডিজিটাল