স্ট্রিট ফুডসহ একই ধরনের সব খাদ্য ব্যবসাকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির নেতাদের দাবি, একই ধরনের ব্যবসা পরিচালনা করলেও স্ট্রিট ফুড ব্যবসায়ীরা ভ্যাটের বাইরে থাকায় হোটেল-রেস্তোরাঁ খাত নীতি বৈষম্যের শিকার হচ্ছে।
শুক্রবার পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।
তিনি বলেন, বর্তমানে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ ভ্যাট দিতে হলেও ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হয়। অথচ দুই খাতের ব্যবসার ধরন প্রায় একই। এই বৈষম্যের কারণে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
ইমরান হাসান বলেন, স্ট্রিট ফুড কোর্ট বা পথের খাবারের ব্যবসাও একই ধরনের হলেও এ খাত ভ্যাটের আওতার বাইরে রয়েছে এবং সরকারি কোনো সংস্থার কার্যকর নজরদারিও নেই। তাই স্ট্রিট ফুডসহ সব ধরনের খাদ্য ব্যবসাকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হলে একদিকে যেমন প্রতিযোগিতায় সমতা আসবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতি, এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা থাকলেও সংকট মোকাবিলায় রেস্তোরাঁ খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে একটি রেস্তোরাঁ পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর থেকে ১০ থেকে ১২টি অনুমোদন নিতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ব্যবসা পরিচালনা ও তদারকি উভয় ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়। এ অবস্থায় রেস্তোরাঁ খাতের জন্য সমন্বিত কমপ্লায়েন্স ব্যবস্থা এবং ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানানো হয়।
এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ শিল্পের জন্য পৃথক শিল্পনীতি প্রণয়নের আহ্বান জানিয়ে ইমরান হাসান বলেন, এতে লাইসেন্সিং, কর ও ভ্যাট ব্যবস্থাপনা, বিনিয়োগ, দক্ষ জনবল উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়গুলো একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে উদ্যোক্তারা অতিরিক্ত ব্যয় ও নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।