জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাগত যোগ্যতার আবশ্যিক শর্তে বড় ধরনের সংশোধন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হতে আর স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়; ন্যূনতম স্নাতক (ডিগ্রি বা অনার্স পাস) ডিগ্রিধারী ব্যক্তিরাই এখন থেকে এ দায়িত্ব পালনের উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতকোত্তর ডিগ্রি’র শর্তটি বাতিল করে তার স্থলে ‘স্নাতক ডিগ্রি’ প্রতিস্থাপন করা হলো।
তবে প্রজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনীত হতে পারবেন না—এ নিয়ম আগের মতোই বহাল থাকবে।
মন্তব্যসমূহ