জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দলটি বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কাজ করছে। এগুলো হলো— রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, ব্যাংক লুট ও শেয়ারবাজার ধ্বংসের অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যে জনগণের কাছে যাচ্ছে দলটি।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশি পরিচয়ে লোকজনকে দেশে পাঠানোর চেষ্টা করছে বলে বিভিন্ন বক্তব্য দিয়েছে। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেও কাজ করছে জাতীয় নাগরিক পার্টি।
বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দীর্ঘদিন শেখ পরিবারের প্রভাব থাকলেও উন্নয়নের নামে উল্লেখযোগ্য কিছু হয়নি। তিনি শেখ পরিবারের প্রভাবমুক্ত করতে ভূমিকা রাখায় বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা সেবার পাশাপাশি মুসলিমদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য চর্চার সুযোগ সৃষ্টি হবে।
ভারতীয় ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম ও সার্বভৌমত্বের প্রশ্নে বিচার ও সংস্কার বাস্তবায়নে কাজ করছে এনসিপি। গণভোটে সংস্কারের পক্ষে বিপুল জনসমর্থন থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সংস্কারের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন, ঘোড়াদীঘির দক্ষিণ পাড়ে বৃক্ষরোপণ এবং জুমার নামাজ আদায় করেন।
এ সময় বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে শনিবার সংস্কার বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।