আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় রাষ্ট্র পরিচালিত একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে মোহাম্মাদিয়ার ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা এবং সামাজিক সহায়তা দিয়ে থাকে।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন দুজন এবং মানসিক আঘাত ও অন্যান্য সমস্যায় সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ বাসিন্দাকে ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং নিহত ব্যক্তিদের বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটির বাইরে স্থানীয় বাসিন্দাদের ভিড় করতে দেখা যায়। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন করিডরে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ ও বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করতে দেখা গেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, আগুনের খবর পেয়ে আশপাশের মানুষ ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শিশুদের মৃত্যু ও অন্যদের আহত হওয়ার খবর গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন বলে জানান তিনি।
দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৮ জুলাই থেকে দেশজুড়ে নয় শতাধিক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে শিশু কল্যাণকেন্দ্রের আগুনের সঙ্গে তাপপ্রবাহের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ