টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে এবং কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ এক ট্রাফিক আপডেটে জানায়, জলাবদ্ধতার কারণে কাকলী মোড় এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়ক ব্যবহারকারী চালকদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, যানজট কমাতে চালক ও পথচারীদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং ধৈর্য ধরে চলাচল করা প্রয়োজন। নগরজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন বলেও জানানো হয়েছে।
এদিকে আবহাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্যসমূহ