নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। তবে বই বিতরণের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ অনেকটাই শেষ হয়েছে। সরকার সিদ্ধান্ত দিলেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান জানান, এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়াই বোর্ডের প্রধান লক্ষ্য।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নির্ধারিত ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন বা পিডিআই শেষ হয়েছে। ইবতেদায়ি স্তরের ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের মধ্যে ৯৪ দশমিক ১২ শতাংশের পরিদর্শন সম্পন্ন হয়েছে।
মাধ্যমিক স্তরেও বই সরবরাহের কাজ দ্রুত এগোচ্ছে। ২৫ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য নির্ধারিত ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন শেষ হয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে।
এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠ্যবই বিতরণের সময়সূচি সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। সেই সময়কে বিবেচনায় রেখে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তবে এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
এবার আগের মতো বড় পরিসরে বই উৎসব আয়োজন না করার পরিকল্পনার কথাও জানিয়েছেন অধ্যাপক ফখরুল মাওলা। তাঁর মতে, অতীতে বই উৎসবের নামে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যয় সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবার সেই আয়োজন সীমিত করার চিন্তা রয়েছে।
বড় আনুষ্ঠানিকতার পরিবর্তে বইয়ের মোড়ক উন্মোচন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি বই বিতরণকে গুরুত্ব দেওয়া হতে পারে।
এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নতুন চারটি বইয়ের মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রস্তুতি চলছে।
আগের বছরগুলোর বই বিতরণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অতীতে অনেক সময় সব বই প্রস্তুত হওয়ার আগেই উৎসবের আয়োজন করা হতো। কিছু বই বা বইয়ের নমুনা দেখিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মার্চ কিংবা এপ্রিল পর্যন্ত সময় লেগে যেত।
এবার সেই পরিস্থিতি এড়াতে চায় এনসিটিবি। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার পরই বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
পাঠ্যবইয়ের গুণগত মান নিয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, কাগজের মান, ছাপার স্পষ্টতা, বাঁধাইয়ের স্থায়িত্ব এবং বই ব্যবহারের সুবিধাসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়েছে।
বিশেষ করে বইয়ের পাতায় আলোর প্রতিফলন, কাগজ সহজে ছিঁড়ে যাওয়ার প্রবণতা এবং বাঁধাইয়ের মান বিবেচনায় রাখা হয়েছে। তাঁর দাবি, আগের কয়েক বছরের তুলনায় ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ের মান আরও ভালো হবে।
নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ করা সম্ভব হলে সেটি এনসিটিবির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে বলেও মনে করেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।














মন্তব্যসমূহ