বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন ১৭ জন ফুটবলার। শেষ আটের ম্যাচে তাদের কেউ আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না।
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া হলুদ কার্ড নকআউট পর্বে বহাল থাকছে না। তবে শেষ ৩২ ও কোয়ার্টার ফাইনালে কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে তিনি সেমিফাইনালে নিষিদ্ধ হবেন। এ কারণে কোয়ার্টার ফাইনালের আগে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হচ্ছে মরক্কো ও ইংল্যান্ডকে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মরক্কোর চার ফুটবলার নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। তারা হলেন ইসা দিয়োপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খান্নুস। এদের কেউ আরেকটি হলুদ কার্ড দেখলে মরক্কো সেমিফাইনালে উঠলেও তারা খেলতে পারবেন না।
ফ্রান্সেরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার সতর্ক অবস্থায় আছেন। ফরোয়ার্ড মাইকেল অলিসে ও মিডফিল্ডার মানু কোনো আরেকটি হলুদ কার্ড পেলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন।
ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তা আরও বড়। জুড বেলিংহাম, মার্ক গেহি, ডেকলান রাইস ও নিকো ও’রাইলি হলুদ কার্ডের ঝুঁকিতে রয়েছেন। শেষ আটে তাদের কেউ কার্ড দেখলে সেমিফাইনালে খেলার সুযোগ হারাবেন। ইংল্যান্ডের জর্ডান হেন্ডারসনেরও কার্ড ছিল, তবে কবজির চোটে তিনি আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বিষয়টি আর প্রাসঙ্গিক নয়।
নরওয়ের উইঙ্গার আন্তোনিও নুসাও একই ঝুঁকিতে আছেন। সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহেইমও আরেকটি হলুদ কার্ড দেখলে সেমিফাইনাল মিস করবেন।
শুক্রবারের স্পেন-বেলজিয়াম ম্যাচেও দুই দলের একজন করে ফুটবলার সতর্ক অবস্থায় থাকবেন। স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস এবং বেলজিয়ামের ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলে কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন।
আর্জেন্টিনার ক্ষেত্রে ঝুঁকিতে আছেন শুধু ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না।
টুর্নামেন্টে শৃঙ্খলাজনিত পরিসংখ্যানেও দলগুলোর মধ্যে পার্থক্য দেখা গেছে। আর্জেন্টিনা প্রতি ১৯.৭ ফাউলে একটি করে হলুদ কার্ড দেখেছে। অন্যদিকে ইংল্যান্ডের ক্ষেত্রে প্রতি ৭.৭ ফাউলে একটি করে হলুদ কার্ড এসেছে।
তবে কোয়ার্টার ফাইনাল পার করতে পারলে খেলোয়াড়দের জন্য স্বস্তির খবর আছে। ফিফার নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল শেষে আগের একক হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। সেমিফাইনাল থেকে নতুন করে কার্ডের হিসাব শুরু হবে।
মন্তব্যসমূহ