রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে গিয়ে যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক নিয়োজিত ৩০ বাংলাদেশির মধ্যে চারজন নিহত হয়েছেন। বাকি বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মস্কোর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানো হয়। এজেন্সিগুলোর লাইসেন্স নম্বর আরএল-১৪৫৫, আরএল-১৪২৮ ও আরএল-২৫০৫। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে বৈধ জনশক্তি ছাড়পত্র নিয়েই তাদের পাঠানো হয়েছিল।
আরিফুল হক চৌধুরী বলেন, রাশিয়ায় পৌঁছানোর পর তাদের নির্ধারিত কাজের পরিবর্তে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। বিষয়টি জানার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয়।
তিনি জানান, গত ১৫ জুন মস্কোর বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়ে বিপদগ্রস্ত বাংলাদেশিদের উদ্ধার ও দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ৩০ জনের মধ্যে চারজন মারা গেছেন।
মন্ত্রী আরও বলেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাকি বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের এপ্রিলে উচ্চ বেতনের আশায় এসব তরুণ রাশিয়ায় যান। পরে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চাকরির পরিবর্তে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তদন্ত ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়।
মন্তব্যসমূহ