বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের পরিচিত ইসলামি চিন্তাবিদ ও গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। কয়েকটি ধর্মীয় ও শিক্ষাবিষয়ক কর্মসূচিতে অংশ নিতে আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
১১ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী।
একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রামেও যাবেন। সেখানে দেশের বৃহৎ দুই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা সফরের কথা রয়েছে তার।
আয়োজকদের আশা, আল্লামা সাজ্জাদ নোমানীর এই সফর দেশের আলেম সমাজ, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে দ্বীনি শিক্ষা, চিন্তা ও দাওয়াহ কার্যক্রমে নতুন উৎসাহ তৈরি করবে।














মন্তব্যসমূহ