ইরানের পাঁচ শহরে গতকাল ও আজ চালানো মার্কিন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও সামরিক স্থাপনার আশপাশের অঞ্চল রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলে মার্কিন হামলায় ইরানের সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। তারা দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্য ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্সের প্রতিবেদনেও বন্দর আব্বাস ও বুশেহরসহ দক্ষিণাঞ্চলীয় এলাকায় হামলার কথা বলা হয়েছে।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির আশপাশে বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও আবু মুসা দ্বীপসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানশহরে অন্তত একজন নিহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তেহরান এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস ইতোমধ্যে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। এ ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ