টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পানিতে তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে এ তথ্য জানান রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী অংশ উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অতিবৃষ্টিতেও রেললাইন তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
টানা কয়েক দিনের ভারি বর্ষণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার অংশ পানিতে তলিয়ে যায়। বুধবার থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, মঙ্গলবার থেকে ওই অংশের রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ছিল। বুধবার প্রতিমন্ত্রী পরিদর্শনের সময় সেখানে পানির উচ্চতা ছিল প্রায় দেড় ফুট। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন এবং ভ্রমণ বাতিল করতে চান, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।
মন্তব্যসমূহ