২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের লড়াই দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর কয়েক ঘণ্টা আগে তিনি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচও সরাসরি উপভোগ করেন।
ওই ম্যাচে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর।
নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচে উপস্থিত থাকলেও মিশরীয় সমর্থকদের প্রতিও সম্মান ও সংহতি প্রকাশ করেন ইনফান্তিনো। স্টেডিয়ামে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় তাদের সঙ্গে কথা বলেন।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে মিশরের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। তাই মিশরীয় সমর্থকদের সঙ্গে ফিফা সভাপতির এই মুহূর্তকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও কয়েকজন খেলোয়াড়। তাদের অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে।
এ ঘটনায় তদন্ত চেয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ