উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের ফুটবলার ও কোচিং স্টাফরা। এ ঘটনায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বা ইএফএ।
ইএফএর সভাপতি হানি আবু রিদা ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্ত তদন্তের দাবি জানিয়েছেন।
ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী রেফারি দল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
ম্যাচ শেষে মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ম্যাচটি সঠিকভাবে পরিচালিত হয়নি। মিসরের প্রধান কোচ হোসাম হাসানও দাবি করেন, গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে।
৩৭ বছর বয়সী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে বর্তমানে ইউরোপের অভিজ্ঞ রেফারিদের একজন হিসেবে পরিচিত। চলতি বিশ্বকাপে এর আগে তিনি কেপ ভার্দে-সৌদি আরব এবং আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন।
এর বাইরে ২০২১ ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ উয়েফা সুপার কাপ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দায়িত্ব পালন করেন লেতেক্সিয়ে।
মন্তব্যসমূহ