দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় এক মাস এভারটনের বাইরে থাকার পর আবারও স্কোয়াডে ফিরছেন ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। আগামী সোমবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এভারটন কোচ ডেভিড ময়েস।
আন্তর্জাতিক বিরতির সময় ডার্বি কাউন্টির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নেন গ্রিলিশ। এরপর এভারটনের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে ময়েস জানিয়েছেন, খেলার জন্য প্রস্তুত রয়েছেন এই ইংলিশ ফুটবলার।
দলের বাইরে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এভারটন ও সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান গ্রিলিশ। তবে তাঁর সেই পোস্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন কোচ ময়েস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, তবে বিষয়টি শুনেছি।’
গ্রিলিশের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে আলাদা কোনো বিশেষ আলোচনার প্রয়োজনীয়তাও দেখছেন না এভারটন কোচ। দলের অন্য খেলোয়াড়দের নিয়েও তাঁকে কাজ করতে হচ্ছে উল্লেখ করে ময়েস বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছি। আমার আরো অনেক খেলোয়াড় আছে, যাদের ওপর মনোযোগ দিতে হয়। আমি কেবল একজন খেলোয়াড়ের দিকেই সব নজর দিতে পারি না।’
চলতি মৌসুমে এভারটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেছেন গ্রিলিশ। তবে এখন পর্যন্ত গোল কিংবা অ্যাসিস্টের খাতায় নাম তুলতে পারেননি তিনি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলের সামগ্রিক প্রস্তুতিতেই গুরুত্ব দিচ্ছেন ময়েস। খেলোয়াড়দের প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করার চেষ্টা করছি যেন সবাই সঠিক প্রস্তুতি নেয় এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে পরের ম্যাচের জন্য তৈরি থাকে।’














মন্তব্যসমূহ