ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি।
বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে কাজ চলছে। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে আগের নির্বাচনের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা বাড়ানো এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হলে আগামী দিনে আরও ভালো নির্বাচন আয়োজন সম্ভব হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়—এ বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও সংস্কারের কাজ চলছে।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী মূল্যায়নও কমিশন সম্পন্ন করেছে। এসব মূল্যায়ন ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইইউ। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মন্তব্যসমূহ