চট্টগ্রামে জাল ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ ও সমাধি-সংক্রান্ত নথি ব্যবহার করে শতকোটি টাকা মূল্যের সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় নগরের কোতোয়ালী থানাধীন গ্লাডিয়ার ও কর্ণফুলী মৌজার জমি নিয়ে প্রতারণা এবং জাল নথির মাধ্যমে আদালত থেকে রায় ও ডিক্রি আদায়ের অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, জাল কাগজপত্রের মাধ্যমে প্রায় ৬১ দশমিক ১৯ শতক সরকারি অর্পিত সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে। একই পদ্ধতিতে আরও ৭ দশমিক ৯৪ শতক জমি আত্মসাতের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আসামি করা হয়েছে এলবার্ট সরকার ওরফে এলবার্ট আশীষ সরকার (৫৮), মোহাম্মদ মনজুর আলম (৪৫), অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মান ওরফে মোহাম্মদ ছোলায়মান (এমরান) (৫২), মো. শামসুল আলম রানা (৫৭) এবং সুকান্ত কাসারিকে (৩৪)।
তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ঊনবিংশ শতকের শেষভাগে ব্যবসা পরিচালনাকারী ইজিক্যাল পরিবারের সম্পত্তিকে কেন্দ্র করে এই জালিয়াতির সূত্রপাত।
অভিযোগ রয়েছে, ওই পরিবারের প্রকৃত উত্তরাধিকারী না হয়েও এলবার্ট সরকার নিজেকে পরিবারের সদস্যদের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ উদ্দেশ্যে ইজিক্যাল পরিবারের সদস্যদের মৃত্যু ও সমাধি-সংক্রান্ত তথ্য জাল করে সম্পত্তির ওয়ারিশ হিসেবে নিজের দাবি প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, কথিত উত্তরাধিকার প্রমাণের জন্য জাল ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ এবং সমাধি সনদ তৈরি করা হয়। পরে এসব নথি আদালতে দাখিল ও প্রদর্শন করে সরকারি অর্পিত সম্পত্তির ওপর মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়।
দুদকের অভিযোগ, জাল নথির ভিত্তিতে আদালতের কাছ থেকে প্রতারণামূলকভাবে রায় ও ডিক্রি আদায় করে সরকারি জমি নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পত্তির অবস্থান সম্পর্কে এজাহারে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন গ্লাডিয়ার মৌজায় ৬১ দশমিক ১৯ শতক এবং কর্ণফুলী মৌজায় ৭ দশমিক ৯৪ শতক জমি এই জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট।
অনুসন্ধানকালে এলবার্ট সরকারের পারিবারিক পরিচয় ও বংশপরিচয় যাচাই করে দুদক। সংস্থাটির দাবি, যাচাইয়ে ইজিক্যাল পরিবারের সঙ্গে তাঁর কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি। ফলে ওই পরিবারের বৈধ উত্তরাধিকারী হিসেবে তাঁর দাবি গ্রহণযোগ্য নয় বলে অনুসন্ধানে উঠে এসেছে।
শুধু উত্তরাধিকার দাবিই নয়, ইজিক্যাল পরিবারের কথিত সদস্যদের মৃত্যু ও সমাধি-সংক্রান্ত নথিপত্রেও একাধিক অসংগতি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদক কর্মকর্তাদের অভিযোগ, আসামিদের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সরকারি দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের অপব্যবহার করে জাল কাগজপত্র তৈরি এবং তা ব্যবহারে সহযোগিতা করেছেন।
এ কারণে তাঁদের বিরুদ্ধে প্রতারণা, দলিল জালিয়াতি, জাল দলিল ব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ ও আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন জানান, অনুসন্ধানে জাল নথিপত্র ব্যবহার করে সরকারি জমির মালিকানা দাবি এবং আদালতের মাধ্যমে সেই দাবি প্রতিষ্ঠার চেষ্টার তথ্য পাওয়া গেছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ৬১ শতক সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগের পাশাপাশি আরও প্রায় আট শতক জমি একইভাবে আত্মসাতের চেষ্টার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, জালিয়াতির প্রমাণ পাওয়ার ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুরো ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, তদন্তে উল্লিখিত পাঁচজনের বাইরে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।














মন্তব্যসমূহ