ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। নেতানিয়াহু সত্যিই ঐক্যের সরকার গঠনে আন্তরিক কি না, তা এই সময়ের মধ্যেই যাচাই করতে চান তিনি। প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাবকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইজেনকোট এ অবস্থান জানান। তিনি বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি আন্তরিকভাবে জাতীয় ঐক্যের সরকার গঠনে আগ্রহী হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই সদিচ্ছার প্রমাণ পাওয়া সম্ভব।
এর আগে নেতানিয়াহু ঘোষণা দেন, প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে তিনি রাজি আছেন। ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থায় সরকার গঠনের শুরুতে নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি।
নেতানিয়াহুর এই ঘোষণার পর দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান আইজেনকোট। তিনি বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত। এ জন্য শনিবার রাত থেকেই লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে কার্যকর ও দ্রুতগতির আলোচনা শুরু করার প্রস্তাব দেন তিনি।
আইজেনকোটের মতে, শুধু প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি করলেই জাতীয় ঐক্যের সরকার গঠন সম্ভব নয়। সরকারের মূলনীতি এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন।
তিনি জানান, নেতানিয়াহুর অনুরোধে প্রতিষ্ঠিত একটি গোপন যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাবের কোনো জবাব এখনো পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
আইজেনকোট বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে আমরা প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনার প্রস্তাব দিয়ে আসছি। কিন্তু বারবার প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়তে হয়েছে।’
জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে রাজনৈতিক ছাড় দিতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন আইজেনকোট। তাঁর মতে, জনগণের ঐক্য ও সংহতি ইসরাইলের জাতীয় নিরাপত্তার অন্যতম মৌলিক ভিত্তি।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য তিনি নিজের আগের অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত। বিশেষ করে নির্বাচনে বড় দল হিসেবে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার দাবি থেকে সরে আসতে চান তিনি।
নেতানিয়াহুর লিকুদ পার্টি নির্বাচনে আইজেনকোটের ইয়াশার পার্টির তুলনায় প্রায় আড়াই লাখ বেশি ভোট পেয়েছে। তা সত্ত্বেও ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
তিনি দ্রুত জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আশা প্রকাশ করেছেন, সমঝোতায় পৌঁছাতে আইজেনকোটের পক্ষও প্রয়োজনীয় রাজনৈতিক ছাড় দিতে প্রস্তুত থাকবে।
নেতানিয়াহু আরও বলেন, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের নীতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন।
এ অবস্থায় জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে দুই পক্ষের আলোচনার ওপর। নেতানিয়াহুর রাজনৈতিক সদিচ্ছা যাচাই করতে ২৪ ঘণ্টার সময়সীমার কথা জানিয়েছেন আইজেনকোট।
সূত্র : গালফ নিউজ।














মন্তব্যসমূহ