জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর বক্তব্য, সরকার দ্বিমুখী নীতি থেকে সরে এসে এই দুটি বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত। অন্যথায় সরকারের সঙ্গে ঐক্যের কোনো সুযোগ নেই।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে সভাটির আয়োজন করা হয়।
শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় ঐক্যের কথা বললেও সরকার নিজেই সেই ঐক্যের পরিবেশ নষ্ট করেছে। প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
তাঁর মতে, সরকার দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য নতুন করে কোনো সভা কিংবা বৈঠকের প্রয়োজন হবে না। তবে এই শর্ত পূরণ না হলে বিরোধী দলের পক্ষে সরকারকে সহযোগিতা করা সম্ভব নয়।
নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন ঘটলেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের পরিস্থিতির পরিবর্তন হয়নি।
শফিকুর রহমানের অভিযোগ, চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি এবং রাজনৈতিক কৌশলের কারণে সাধারণ মানুষ এখনো ভোগান্তির শিকার হচ্ছেন।
জুলাই জাতীয় সনদ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে সনদটিকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ হিসেবে উল্লেখ করেছেন।
এই বক্তব্যের বিরোধিতা করে জামায়াতের আমির দাবি করেন, জুলাই সনদ নয়, বরং সরকারই জাতির সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান তাঁর এই অভিযোগের অন্যতম কারণ।
দেশের রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। বিষয়টিকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।
এদিকে জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কথিত যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
তিনি অভিযোগ করেন, সরকার একদিকে স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হচ্ছে। সরকারের এই অবস্থানকে দ্বিমুখী নীতি হিসেবে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমানের বক্তব্য, সরকার নিজেদের স্বার্থ অনুযায়ী সব সিদ্ধান্ত নেবে, আর বিরোধী দল সেসব কর্মকাণ্ডের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবে, এমন প্রত্যাশা গ্রহণযোগ্য নয়।
জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের নীতিগত অবস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলে সহযোগিতার পথ তৈরি হবে। কিন্তু দ্বিমুখী নীতি বহাল থাকলে সেই ঐক্য সম্ভব নয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই বিপ্লব নিয়ে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। সরকার বিপ্লবের পক্ষে অবস্থান নিলে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে সংলাপে অংশ নিতে প্রস্তুত।
সভায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।














মন্তব্যসমূহ