কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত কয়েদি হারুন অর রশিদ (৬০) মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হারুন অর রশিদ রাজবাড়ী সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হোসেন ভুঁইয়া।
কারাগার থেকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হারুনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হারুন অর রশিদ একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
তিনি আরও জানান, মৃত্যুর পর হারুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।














মন্তব্যসমূহ