ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতদের মধ্যে দুইজন হাজতি এবং একজন কয়েদি। তারা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় আবুল বাশারকে রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কচুয়া থানার অধীনে বন্দী ছিলেন।[BANGVIEWS-POST:5250]অপর হাজতি আব্দুল কাইয়মকে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কারারক্ষীরা সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা শেষে সকাল ৯টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।আব্দুল কাইয়ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলাই পদাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একাধিক মামলায় কারাগারে ছিলেন।এ ছাড়া কয়েদি মো. শাহাদত হোসেন লিটন গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।শাহাদত হোসেন লিটন খুলনার দৌলতপুর উপজেলার পাবলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলা এবং উত্তরা থানার একটি মামলায় কারাভোগ করছিলেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।