চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) পর্যায়ে ব্যাপক রদবদল আনা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জোন ও বিভাগের ছয় কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার আলমগীর হোসেনকে বন্দর জোনের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।
সিএমপিতে নতুন পদায়ন পাওয়া আরেফিন জুয়েলকে উত্তর জোনের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর জোনের বর্তমান ডিসি হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি নিস্কৃতি চাকমাকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি ট্রাফিক বন্দর জোনের ডিসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
রদবদলের বিষয়ে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের সদস্যরা কাজ করছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল আনা হয়েছে।”














মন্তব্যসমূহ